চট্টগ্রামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর চতুর্থ দিনে কাবাডি ইভেন্টে বালক এবং বালিকা বিভাগের ফাইনাল সম্পন্ন হয়েছে। ১২–১৪ বছরের কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী এ প্রতিযোগিতা অয়োজিত হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় গতকাল অনুষ্ঠিত কাবাডির ফাইনাল শেষে বালক বিভাগে বাঁশখালী ও বালিকা বিভাগে পাঁচলাইশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বালক বিভাগের ফাইনালে বাঁশখালী ৬৩–৩৯ পয়েন্টে ফটিকছড়িকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর আগে বালকদের প্রথম সেমিফাইনাল খেলায় বাঁশখালী ৪৫–১১ পয়েন্টে হাটহাজারীকে এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ফটিকছড়ি ৫২–৪৪ পয়েন্টে পাহাড়তলীকে পরাজিত করে ফাইনালে উঠে।

অন্যদিকে একই ভেন্যুতে বালিকা বিভাগের ফাইনালে পাঁচলাইশ শিক্ষা থানা ৫৮–৪৩ পয়েন্টে বোয়ালখালীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর আগে বালিকাদের প্রথম সেমিফাইনালে পাঁচলাইশ শিক্ষা থানা ৭৫–৩৫ পয়েন্ট বাঁশখালীকে পরাজিত করে এবং দ্বিতীয় সেমিফাইনালে বোয়ালখালী ৫৪–২৫ পয়েন্টে রাউজানকে পরাজিত করে ফাইনালে উঠে। কাবাডির ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ–পরিচালক, স্থানীয় সরকার ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) গোলাম মাঈনউদ্দিন হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী থানা নির্বাহী কর্মকতা জামশেদুল আলম, বোয়ালখালী থানা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন ও নির্বাহী সদস্য শরিফুল ইসলাম তুহিন, ক্রীড়া সংগঠক মুসা বাবলু, সিজেকেএস কাউন্সিলর জাফর ইকবাল, সহ প্রশাসনিক কর্মকর্তা আমীর হোসেন, খেলায় অংশগ্রহণকারী উপজেলার শিক্ষা কর্মকর্তা, দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
এদিকে নতুন কুঁড়ি স্পোর্টসে গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবল ইভেন্টে বালকদের ৪টি ও বালিকাদের ৪টি খেলা অনুষ্ঠিত হয়। বালিকাদের ফুটবল ইভেন্টে গতকাল প্রথম হ্যাট্রিক হয়। খেলায় তার দল পটিয়া বড় ব্যবধানে ৫–০ গোলে হাটহাজারী উপজেলাকে পরাজিত করে। মাইরিনের দুর্দান্ত নৈপুণ্যে একক আধিপত্য দেখায় পটিয়া উপজেলা দল। মাইরিন একাই তিনটি গোল করে চলতি আসরের প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। তার এই দাপুটে পারফরম্যান্সের সুবাদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পটিয়া। মাইরিন আক্তার খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও পটিয়া মহিলা ফুটবল একাডেমির খেলোয়াড়। বালিকা ফুটবলের অন্য খেলায় সীতাকুন্ড ১–০ গোলে রাঙ্গুনিয়াকে, বোয়ালখালী ৩–২ গোলে চন্দনাইশকে এবং মীরসরাই ১–০ গোলে পাহাড়তলী শিক্ষা থানাকে পরাজিত করে। ফুটবলে বালকদের খেলায় সীতাকুন্ড ৪–০ গোলে রাঙ্গুনিয়াকে,হাটহাজারী ৪–৩ গোলে পটিয়াকে, বোয়ালখালী ২–১ গোলে চন্দনাইশকে এবং কর্ণফুলী ৩–১ গোলে বাঁশখালীকে পরাজিত করে। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে ক্রিকেট ইভেন্টে বালিকা বিভাগে ২টি এবং বালক বিভাগে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। বালিকাদের একটি খেলায় ওয়াকওভার হয়। এতে কর্ণফুলী না আসায় পটিয়া ওয়াকওভার পায়। ক্রিকেটে বালিকাদের অন্য খেলায় বাঁশখালী ১৩ রানে ফটিকছড়িকে এবং সীতাকুন্ড ২ রানে রাউজানকে পরাজিত করে। ক্রিকেটের বালক বিভাগে সীতাকুন্ড ১ রানে রাউজানকে, সন্দ্বীপ ৩ রানে পাঁচলাইশ শিক্ষা থানাকে,কর্ণফুলী ১৩৫ রানে রাঙ্গুনিয়াকে এবং বাঁশখালী ৫৫ রানে সাতকানিয়াকে পরাজিত করে।

আগামী ৯ মে ফুটবল এবং ক্রিকেট–এই দুই ইভেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। তাছাড়া ৭ ও ৮ মে চট্টগ্রাম রাইফেল ক্লাবে ব্যাডমিন্টন ও সিজেকেএস সুইমিং পুলে সাঁতার, ৮ ও ৯ মে সিজেকেএস জিমনেসিয়ামে মার্শাল আর্ট, ৮ মে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ সিজেকেএস মিলনায়তনে দাবা ও চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।













