আর্চারি বিশ্বকাপে মেক্সিকোকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

আর্চারি বিশ্বকাপে কম্পাউন্ড ইভেন্টে মিশ্র দিন পার করেছে বাংলাদেশের আর্চাররা। ছেলেদের এককে হিমু বাছাড় ও নেওয়াজ আহমেদ রাকিব বিদায় নিলেও মেক্সিকান প্রতিপক্ষকে হারিয়ে সেরা ২৪এ জায়গা করে নিয়েছেন ঐশ্বর্য্য রহমান। অপরদিকে মেয়েদের ইভেন্টে তানিয়া রীমার পাশাপাশি সেরা ২৪এ পৌঁছেছেন সরাসরি বাই পাওয়া বন্যা আক্তার। তিন বাংলাদেশীর মধ্যে বাছাই পর্বে সেরা স্কোর গড়ে এলিমিনেশন রাউন্ডে আসা হিমু বাছাড়ের শুরুটা ছিল প্রতিশ্রুতিশীল। ডেনমার্কের নিকোলাস ব্রিডালের বিপক্ষে সমানে সমান লড়াই করে ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যান তিনি। তবে শেষ মুহূর্তের স্নায়ুচাপে হেরে যাওয়ায় সেরা ২৪এ পৌঁছানোর লক্ষ্য অপূর্ণই থেকে যায় তার। অপর আর্চার নেওয়াজ আহমেদ রাকিব কাজাখস্তানের বুনোদ মির্জামেতোভের কাছে হেরে আসর থেকে বিদায় নেন। সতীর্থদের বিদায়ের দিনে স্নায়ু ধরে রেখে জয় তুলে নেন ঐশ্বর্য্য রহমান। মেক্সিকোর হুয়ান কার্লোস দেল রিও গুতেজেরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ১৪৫১৪৪ পয়েন্টে জয়ী হয়ে সেরা ২৪ নিশ্চিত করেন তিনি। মেয়েদের কম্পাউন্ড এককে বাই পেয়ে সরাসরি সেরা ২৪এ পৌঁছেছেন বন্যা আক্তার। কোয়ালিফিকেশন রাউন্ডে তিনি ৬৮৩ স্কোর করে ৪৩তম হয়েছিলেন। অপরদিকে তানিয়া রীমা ১৩৯১৩৪ পয়েন্টে হংকং চায়নার টিং চেংকে হারিয়ে বন্যার সঙ্গী হয়েছেন। তবে এই ইভেন্টে সিঙ্গাপুরের প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিয়েছেন পুস্পিতা জামান। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন হিমু বাছাড় ও বন্যা আক্তার জুটি। ২৪টি দেশের মধ্যে তারা ১৮তম স্থান অধিকার করেছেন। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, বুধবার কম্পাউন্ড ইভেন্টের একক ও দলগত রাউন্ডের পরবর্তী ধাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসকার সিটি চট্টগ্রামের খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধবালকে বাঁশখালী ও বালিকায় পাঁচলাইশ চ্যাম্পিয়ন