বান্দরবানে ২০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

প্রাইভেটকারে তল্লাশি

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

পুলিশের অভিযানে বান্দরবানে শহরের ট্রাফিক মোড় এলাকা থেকে একটি প্রাইভেট কারে ইয়াবার বড় একটি চালান উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা বহনকারী প্রাইভেট কারের চালক জাকির (৩৩) কে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি অভিযান চালানো হয়। এসময় গাড়িটির বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩ বান্ডিল ইয়াবা উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কারের চালক জাকিরকে আটক করে থানায় নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৩ বান্ডিল এ অন্তত ২০ হাজার পিস ইয়াবা থাকতে পারে। বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার বলেন, জেলায় মাদকবিরোধী সুধী সমাবেশে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। তারই ধারাবাহিকতায় দুপুরে ইয়াবার একটি বড় চালান’সহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এসময় গাড়ির চালককে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার সঠিক সংখ্যা গণনা এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পলাতক আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পোমরা খাঁ মসজিদে বৃক্ষরোপণ কর্মসূচি