রাঙ্গুনিয়ায় একাধিক পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামি মো. জামাল উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সরফভাটা ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, গ্রেফতারকৃত জামাল উদ্দিন সরফভাটা ইউনিয়নের মৌলানা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। সূত্রে জানা যায়, তিনি কর্ণফুলী নদীর অবৈধ বালু উত্তোলন, কাঠ পাচার ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক গ্রেফতারি পরোয়ানা মূলতবী থাকায় তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির সুনির্দিষ্ট অবস্থান ও গতিবিধি নিশ্চিত করে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।











