বাঘাইছড়িতে গাছের গুড়ি মাথায় পড়ে বৃদ্ধের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ের উপর থেকে গাছের গুড়ি মাথায় পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লক্ষী বিলাশ চাকমা (৭০) পশ্চিম লাল্যাঘোনা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে গরুর খড়ের স্তূপে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য নালা খননের কাজ করছিলেন লক্ষী বিলাশ চাকমা। এ সময় পাহাড়ের ওপর থেকে একটি বড় গাছের গুড়ি তার শরীরের ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, গাছের একটা গুড়ি মাথায় পড়ে বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলটি দেখে এসেছি। পাহাড় ধসের কোনো ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধ‘ফল খান বেশি, বল পাবেন বেশি’
পরবর্তী নিবন্ধলংগদুতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু