সপ্তাহখানেক আগে থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলছিল, সেটাই এবার সত্যি হলো। পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট। গতকাল ৪ জুন শন টেইটের চাকরি ছাড়ার খবর নিশ্চিত করে বিসিবি। ২০২৫ সালে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নেন শন টেইট। দায়িত্বে আসার পর জাতীয় দলের পেসারদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অজি এই ক্রিকেটার। সর্বশেষ কয়েকটি সিরিজে সেই উন্নতির প্রমাণ দিয়েছেন নাহিদ রানা, মোস্তাফিজুর রহমানরা। বিসিবির সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল টেইটের। পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির চাকরি ছাড়লেও রহস্য কাটছে না। জানা গেছে, ভারতের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছেন তিনি। শন টেইটকে ফাস্ট বোলিং কোচ হিসেবে পেতে চায় দলটি। এদিকে টেইটের বদলি হিসেবে আপদকালীন কোচ হিসেবে পেস বোলিং ইউনিট সামলাবেন তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং বিকল্প না পেলে জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে থাকবেন তিনি। বর্তমানে এইচপি দলের কোচ হিসেবে কাজ করছেন তালহা।












