বাংলাদেশ সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ–কে আনুষ্ঠানিকভাবে ২৭ কিলোমিটার জমি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির মন্ত্রিসভা জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে। গতকাল বুধবার রাজ্য সরকারের প্রশাসনিক ভবন নবান্নে সাংবাদিক সম্মেলনে খোদ একথা জানিয়েছেন শুভেন্দু। তিনি বুধবার থেকে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর হয়েছে জানিয়ে বলেন, যারা এই আইনের অন্তর্ভুক্ত নয় তাদের গ্রেপ্তার করে সরাসরি বিএসএফ’র হাতে তুলে দেয়া হবে। খবর বিডিনিউজের।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পরই বিএসএফকে জমি হস্তান্তরের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ১১ মে নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ভারত–বাংলাদেশের যে সব অংশে কাঁটাতার নেই, সেই অংশের জমি বিএসএফকে হস্তান্তর করবে রাজ্য সরকার।
বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হল ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে; যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। অবশেষে সেই কথামতোই কাজ করলেন শুভেন্দু।
এ বিষয়ে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ৪ হাজার কিলোমিটার। ২২০০ কিমি রয়েছে পশ্চিমবঙ্গেই। এরমধ্যে ১৬০০ কিমি কাঁটাতার রয়েছে। বাকি ৬০০ কিমি কাঁটাতার অসম্পূর্ণ। মুখ্যমন্ত্রীর কথায়, পূর্ববর্তী সরকার চাইলেই সেই জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফ–কে দিতে পারত। কিন্তু তারা তোষণের রাজনীতি করেছিল বলে তা দেয়নি।
বুধবার প্রথম পর্যায়ে ২৭ কিলোমিটার জমি হস্তান্তরের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, এই দীর্ঘ এলাকাকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হচ্ছে। এটি সবেমাত্র সূচনা। আমাদের দক্ষ কর্মকর্তারা কিছু দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ করবেন এবং বিএসএফকে সবরকম সাহায্য করবেন।
দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া লিখেছে, বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন না হওয়া নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছিল, যা এবার বিজেপির নির্বাচনি প্রচারের অংশ হয়ে দাঁড়ায়। দ্য ওয়াল লিখেছে, অরক্ষিত সীমান্ত বিজেপির নির্বাচনি প্রচারের কেন্দ্রবিন্দু ছিল। তাদের অভিযোগ ছিল, তৃণমূলের কারণে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত থাকায় বাংলাদেশিরা অবৈধভাবে প্রবেশ করতে পারছে এবং ভোটের বিনিময়ে তারা সেখানে থেকে যেতে পারছে।
আনন্দবাজার জানিয়েছে, অনুপ্রবেশকারীদের নিয়েও বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ–এর হাতে তুলে দেওয়ার জন্য একটি চিঠি গত বছর কেন্দ্রীয় সরকার থেকে পশ্চিমবঙ্গকে পাঠানো হয়েছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ আইন আগের সরকার কাজে লাগায়নি।











