বাংলাদেশ ফুটবল লিগে ত্রয়োদশ রাউন্ডে শুক্রবার অনুষ্ঠিত খেলায় জয় পেয়েছে আবাহনী এবং মোহামেডান। আলফাজ আহমেদের বিদায়ের পর, আব্দুল কাইয়ুম সেন্টুর হাত ধরে আলো ছড়ায় মোহামেডান। ফকিরেরপুলকে ৩–০ গোলে উড়িয়ে ‘নতুন শুরু’ পেল তারা। জয়ের আনন্দে মাঠ ছেড়েছে আবাহনীও। বাংলাদেশ পুলিশ এফসিকে ৩–১ ব্যবধানে হারানো ম্যাচের শেষ দিকে ফাউলের ঘটনা কেন্দ্র করে হাতাহাতি–ধাক্কাধাক্কির ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আবাহনী ফরোয়ার্ড শেখ মোরসালিন। এর আগে, ৭০তম মিনিটে মোরসালিনকে পেছন থেকে টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পুলিশের ডিফেন্ডার শরিফ নিরবও। ময়মনসিংহে আবাহনী এগিয়ে যায় ৩৩তম মিনিটে। সুলেমানে দিয়াবাতের আড়াআড়ি ক্রসে দৃষ্টিনন্দন ব্যাকহিল ফ্লিকে লক্ষ্যভেদ করেন এমেকা ওগবাহ। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে অরক্ষিত এমএস বাবলু ঠাণ্ডা মাথার শটে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে পুলিশকে চেপে ধরে আবাহনী। ৫৮তম মিনিটে মোরসালিনের শট কোনোমতে গোলকিপার ফিরিয়ে দেওয়ার পর, গোলমুখে আল আমিন আলগা বল অনায়াসে জালে জড়ান। একটু পর নিরবের লাল কার্ডে পুলিশের শক্তি কমে। ৭৮তম মিনিটে দিয়াবাতের শট ব্লকড হওয়ার পর, বল চলে যায় মোরসালিনের পায়ে। দেখে–শুনে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ দিকে এই ফরোয়ার্ড বহিষ্কার হলে আবাহনীর জয়েও লাগে কালির আঁচ।













