দুর্ঘটনার কবলে পড়েছে বাঁশখালীর সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামকে পরিবহন করা গাড়ি। তবে গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও নিজে অক্ষত আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। দুর্ঘটনার ব্যাপারে তিনি লিখেন, আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালখালী থেকে সাংগঠনিক প্রোগ্রাম শেষে বাঁশখালী ফেরার পথে তৈলারদ্বীপ সেতুর দক্ষিণ পাশে বহনকারী গাড়ি সড়ক দুর্ঘটনায় পতিত হয়। গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মহান আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি অক্ষত আছি।
জানা গেছে, বোয়ালখালী থেকে বাঁশখালী ফেরার পথে সংসদ সদস্যের বহনকারী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির জিপের পার্শ্ব–সংঘর্ষ হয়। এ সময় সংসদ সদস্য ছাড়া গাড়িতে চালক মো. সাইদুল ইসলাম ছিলেন। দুর্ঘটনায় গাড়িটির ডান পাশের লুকিং গ্লাস ভেঙে যায় এবং দরজাসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার ব্যাপারে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার জানান, তৈলারদ্বীপ সেতুর বাঁশখালী অংশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ি রং সাইডে (বিপরীত লেন) এসে সংসদ সদস্যের গাড়িকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি সৃষ্টি হলেও চালকের তাৎক্ষণিক বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
গাড়ি চালক মো. সাইদুল ইসলাম বলেন, আমরা আনোয়ারা হয়ে বাঁশখালীতে প্রবেশ করার পর বিপরীতমুখী জিপ গাড়িটি রং সাইড দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে পাশ কাটাতে গিয়ে আমাদের গাড়িতে আঘাত করে। পরিস্থিতি সামাল দিতে আমি গাড়িটি রাস্তার নিচের দিকে নামিয়ে দিই। তা না হলে গাড়িটি দুমড়ে–মুচড়ে যেতে পারত এবং প্রাণহানির আশঙ্কাও ছিল।













