বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত কঙবাজারের কলাতলী, বাঁশখালীর চেচুরিয়া ও বৈলছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানা সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোররাতে কঙবাজার সদর থানার কলাতলী এলাকার সি প্যালেস হোটেল থেকে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়।
একই দিন সকালে বাঁশখালীর চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক ও বাঁশখালী সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দিন আকাশ (২২), ছাত্রলীগের সদস্য মারুফুল ইসলাম (২১) ও হাসিবুল ইসলাম তানভীরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বৈলছড়ি এলাকার পাহাড় থেকে বাঁশখালী পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শাওনকে (২২) গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছাড়াও বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










