বন্যাদুর্গতদের পাশে ‘অঙ্গীকার বাংলাদেশ চ্যারিটি ফাউন্ডেশন’

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৬:১৮ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের সামপ্রতিক বন্যায় ১,৪০০ পরিবারের ৭ হাজার মানুষের জন্য ৫ দিনের প্রায় ১৮ হাজার কেজি জরুরি শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে অঙ্গীকার বাংলাদেশ চ্যারিটি ফাউন্ডেশন। গত ১৩ জুলাই থেকে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, পেকুয়া, চন্দনাইশ ও কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেয়াজ, লবণ, চিড়া, চিনি, মুড়ি, বিস্কুট, নুডুলস, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, যা প্রতিটি পরিবারের প্রায় পাঁচ দিনের জরুরি খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে প্রস্তুত করা হয়। অঙ্গীকার বাংলাদেশ চ্যারিটি ফাউন্ডেশনের সভাপতি ক্যাপ্টেন আতিক ইউ এ খান জানান, বন্যার শুরু থেকেই দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য সংকটে থাকা মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে গেছেন। প্রতিকূল আবহাওয়া, বুক উচ্চতার বন্যার পানি ও বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা দুর্গত মানুষের কাছে নৌকায় আর ট্রাকে করে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। অঙ্গীকার বাংলাদেশ আগামী সপ্তাহে ২৫ টা পরিবারের জন্য পুনর্বাসন কর্মসূচি নিয়েছে বলে সভাপতি জানিয়েছেন। চ্যারিটি কার্যক্রমে অংশ নিয়েছে সংগঠনের সেক্রেটারি আকাশ, জয়েন্ট সেক্রেটারি শুভ, মওলানা তানভির সিরাজ, তানিম প্রমুখ। অঙ্গীকার বাংলাদেশ চ্যারিটি ফাউন্ডেশন জানায়, এই মানবিক কার্যক্রমে যারা আর্থিক, উপকরণগত ও স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি সংগঠনটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সহায়তায়ও ভবিষ্যতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব রেইনবোর সেবা বর্ষের প্রথম সভা
পরবর্তী নিবন্ধঅ্যালায়েন্স ক্লাবস্‌ চট্টগ্রাম জেলার দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান