বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশি বিনিয়োগ ও অভিজ্ঞতা কাজে লাগানো হবে

মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবসের অনুষ্ঠানে নৌ মন্ত্রী

আনোয়ার প্রতিনিধি | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

সড়ক, নৌ ও রেল মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়িয়ে বন্দরের টার্মিনালগুলোতে কনটেইনার ও পণ্য লোড–আনলোডিং সেক্টরে পরিবর্তন আনতে হবে। আর এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ ও অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মেরিন একাডেমি প্রাঙ্গণে বিশ্ব নৌ দিবস এবং বাংলাদেশ মেরিন একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ মন্ত্রী বলেন, বাংলাদেশের সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা থাকার পরও অতীতের সরকার তা কাজে লাগাতে পারেনি। বর্তমান সরকার সামুদ্রিক বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে বন্দরের গতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তাই বন্দরের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন দেশের বিদেশি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ারা কর্ণফুলীর সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, চট্টগ্রামের ঐতিহ্য ও গৌরবের প্রতীক বাংলাদেশ মেরিন একাডেমি। এ প্রতিষ্ঠানকে আধুনিক প্রযুক্তি, অবকাঠামো ও সরকারি সহযোগিতার মাধ্যমে আরও শক্তিশালী মেরিটাইম হাব হিসেবে গড়ে তুলতে হবে। কারণ বাংলাদেশ মেরিন একাডেমি প্রতিষ্ঠার পর থেকে দক্ষ ক্যাডেট তৈরির মাধ্যমে দেশ–বিদেশের মেরিটাইম খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান জনশক্তি সরবরাহকারী দেশ হলেও বৈশ্বিক সমুদ্রগামী নাবিকের বাজারে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। এ সংখ্যায় বাংলাদেশের অবস্থান মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শফিউল বারী, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর ফজলার রহমান ও বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। অনুষ্ঠানে দেশি–বিদেশি মেরিটাইম খাতের প্রতিনিধিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, প্রশিক্ষক, কর্মকর্তা–কর্মচারী, ক্যাডেট ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

এর আগে বিশ্ব নৌ দিবস ও একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ক্যাডেটদের অভিবাদন, কুচকাওয়াজ পরিদর্শন, শোভাযাত্রা, বেলুন উড্ডয়ন, বিনোদন পাহাড়ে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় দিনেও অচল চুয়েট, মশাল মিছিল
পরবর্তী নিবন্ধবোয়িংয়ের সঙ্গে আরও ১১টি বিমান কেনার চুক্তি