ফৌজদারহাটে বারান্দার গ্রিল কেটে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৯:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ফৌজদারহাটে একটি বাড়ির বারান্দার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম চৌধুরীর বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী জহুরুল আলম চৌধুরী আজাদীকে বলেন, রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার সময় ১২–১৫ জনের মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির পেছনের বেলকনির গ্রিল কেটে কৌশলে ঘরে প্রবেশ করে। এ সময় পরিবারের নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যায়। ডাকাতির সময় আমি পাশের রুমে ছিলাম। সে কারণে তখন আমি জানতে পারিনি যে আমার বাড়িতে ডাকাতরা হানা দিয়েছে। তবে ডাকাত দল চলে যাওয়ার পর সবার চিৎকার শুনে আমি বিষয়টি জানতে পেরেছি। সকালে খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মো. আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসি ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা