আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের প্রথমার্ধে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাদানুবাদ হয়েছিল লিওনেল মেসি এবং জুড বেলিংহ্যামের মধ্যে। একে অপরের সঙ্গে উত্তপ্ত ভঙ্গিতে কথাবার্তা হয়। সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন বেলিংহ্যাম। জানিয়েছেন, মেসির সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই। একটি বলের দখল নিতে গিয়ে দুই তারকা পড়ে যান। মেসির মনে হয়েছিল, বেলিংহ্যাম তাঁকে ফাউল করেছেন। তিনি রেফারিকে বলেন। ঠিক তখনই বেলিংহ্যাম তাঁকে পাল্টা কিছু বলেন। মেসিও জবাব দেন। দুই তারকা একে অপরের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। রেফারি তাঁদের সরিয়ে দেন। মেসির মুখ দেখে মনে হচ্ছিল, বেলিংহ্যামের কথায় অবাক হয়েছেন তিনি। মেসি বলেছিলেন, ‘সিদ্ধান্ত আমাদের পক্ষে যাওয়া উচিত ছিল।’ বেলিংহ্যাম বলেন, ‘না, কোনও ফাউল হয়নি।’ আবার মেসি বলেন, ‘ও আমাকে মাথায় মেরেছে।’ বেলিংহ্যাম বলেন, ‘কোনও ফাউল হয়নি।’ মেসি শেষমেশ বলেন, ‘আচ্ছা ঠিক আছে।’ সেই কথাবার্তা নিয়ে ম্যাচের পর বেলিংহ্যাম বলেছেন, ‘আসলে আমরা একটা ফাউল নিয়ে আলোচনা করছিলাম। খারাপ কিছু ছিল না। মাঠে সকলেই নিজের নিজের কাজ করছিল। ওই ঘটনার আগেই একটি ফাউল হয়েছিল। তার পর মেসি বলল, ‘তা হলে আমার ফাউলটা দেওয়া হবে না কেন’? আমি ওকে বললাম, ‘এই আঘাত সহ্য করার ক্ষমতা তোমার রয়েছে’। ব্যস, এটুকুই কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে।’ এর পরেই মেসির প্রশংসা করেছেন বেলিংহ্যাম। বলেছেন, ‘মেসির বিরুদ্ধে খেলা সম্মানের। ওর উপর কোনও রাগ নেই। হতে পারে আমি হেরে যাওয়া দলের সদস্য। তার জন্য কষ্টও হচ্ছে। কিন্তু মেসির বিরুদ্ধে খেলে খুব ভাল লেগেছে।’












