ফাইনালে ইস্পাহানি কর্ণফুলি ও ফর্টিস ময়নামতি

চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রিজিওনাল টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সেরা দুই দল ইস্পাহানি কর্ণফুলি ও ফর্টিস ময়নামতি। গতকাল শনিবার লিগ পর্বের শেষ খেলায় ইস্পাহানি কর্ণফুলি ৬২ রানে টিম সাম্পানকে পরাজিত করে। ফর্টিস ময়নামতি এবং ফিজআপ ভুলুয়ার অপর খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। ফলে টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ইস্পাহানি কর্ণফুলী ফাইনালে চলে যায়। তাদের নীট রান রেট (.৯৪৬)। ফর্টিস ময়নামতি ৩ এবং টিম সাম্পান ২ পয়েন্ট লাভ করে। তারা একটি করে খেলায় জয়লাভ করেছিল। তবে টিম সাম্পান ২টি খেলায় পরাজিত হয়। ফর্টিস ময়নামতির নীট রান রেট (.৮৮৯)। অন্যদিকে টিম সাম্পানের নীট রান রেট (-.৬৩৩)। এগিয়ে থাকার সুবাদে ফর্টিস ময়নামতি ফাইনালে উঠে যায়। টিম ভুলুয়া কোন খেলায় জিতেনি। খেলা পরিত্যক্ত হওয়ায় তারা ১ পয়েন্ট পেয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ১০.৩০টায় সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ইস্পাহানি কর্ণফুলি এবং ফর্টিস ময়নামতির মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার দিনের প্রথম খেলায় টসে জিতে টিম সাম্পান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে প্রথমে ব্যাট করতে নেমে কর্ণফুলি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১৮৮ রান করে। দলের পক্ষে ৪৪ রান করে সংগ্রহ করেন তাওসিফ এবং সাজ্জাদুল হক রিপন। এছাড়া কফিল উদ্দিন ২৭,মিনহাজউদ্দিন সাকি ২৪ এবং মো. রুবেল ২২ রান করে। অতিরিক্ত থেকে আসে ১১ রান। টিম সাম্পানের হয়ে মহিউল ইসলাম ৩টি এবং সাদ্দাম ২টি উইকেট পান।

জবাবে টিম সাম্পান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন রবিউল অনিক। এছাড়া জসিম উদ্দিন ২৩,হুমায়ুন ১৭, সাদমান ১৫ এবং নোমান জামান অপ. ১১ রান করে।

ইস্পাহানি কর্ণফুলির হয়ে ৩টি করে উইকেট নেন রতন দাশ এবং মো. রুবেল। প্লেয়ার অব দি ম্যাচ হন বিজয়ী দলের মো. রুবেল। একই দলের সাজ্জাদুল হক রিপন ভ্যালুয়েবল প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি’র এসিস্ট্যান্ট ম্যানেজার ফাতেহ আমিন তারেক এবং কোচ তপন দত্ত। গতকাল দিনের অন্য ম্যাচে টসে জিতে ফিজআপ ভুলুয়া প্রথমে ব্যাট করে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১৭১ রান সংগ্রহ করে। দলের হয়ে মইনুল ইসলাম তন্ময় সর্বোচ্চ ৬৯ রান করেন। এছাড়া আল আমিন রনি ১৩,শাহরিয়ার আহমেদ ১৪, মাকসুদুর রহমান ১৭,সাজ্জাদ হোসেন ১৪, প্রসেনজিত দাশ ২০ এবং আলভি হক অপ. ১৮ রান করেন। ফর্টিস ময়নামতির পক্ষে আশরাফুল হাসান এবং মো. শাহ পরান ২টি করে উইকেট নেন। জবাবে ফর্টিস ময়নামতি ৩.৩ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৮ রান করলে বৃষ্টি আসে। আম্পায়ারদ্বয় পরে খেলা পরিত্যক্ত ঘোষণা করলে দুই দল পয়েন্ট ভাগ করে নেয়।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধি কারাতে রেফারি আওলাদ হোসেন
পরবর্তী নিবন্ধঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস