ভূজপুর থানার দাঁতমারা ও ফটিকছড়ি থানার কাঞ্চন নগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর এক কর্মীর বসতঘরে আগুন ও একজনকে মারধরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দুই পক্ষ সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে। জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ চুরামনি এলাকায় অঞ্জনা রানী ধর নামের এক নারীর বসতঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেয়া আগুনে বসতঘর লাগোয়া তার রান্নাঘরটি পুড়ে যায়। অঞ্জনা রানীর ছেলে সবুজ ধরের দাবি, নির্বাচনের সময় আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করায় বিজয়ী প্রার্থীর কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ভূজপুর থানার ওসি আছহাব উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখার জন্য দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দায়িত্ব দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপর দিকে কাঞ্চনগর ইউনিয়নের মানিকপুর এলাকায় সাদ্দাম হোসেন নামে আনারস প্রতীকের এক কর্মীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করেছেন আনারস প্রতীকের প্রার্থী চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় সাদ্দাম হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।










