ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকান, গুদাম ও কারখানাসহ একটি অফিস ও ছয়টি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিবিরহাট বাসস্ট্যান্ডের রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ব্যবসায়ী মনির, আলমগীর ও রহিম বাদশার একটি ফার্নিচারের দোকান, একটি গুদাম ও একটি কারখানা সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনের তীব্রতায় পাশে থাকা ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ চৌধুরীর ব্যক্তিগত অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানও পুড়ে যায়। সব মিলিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী মনির জানান, সোমবার রাত ১১টার দিকে প্রথমে পাশের একটি দোকানের গাছের গুঁড়িতে আগুন লাগে। স্থানীয়দের সহায়তায় তখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ভোররাতে আবারও সেখানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে তার প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার তৈরি ফার্নিচার ও কাঠ পুড়ে গেছে। হঠাৎ এই দুর্ঘটনায় দোকান মালিক ও কর্মচারীরা ক্ষতির মুখে পড়েছেন।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে একটি অফিস ও ৬টি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।











