প্রিমিয়ার ইউনিভার্সিটিতে গত ২৯ অক্টোবর পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বাগ্মিতা, আত্মবিশ্বাস ও উপস্থাপনা দক্ষতা বিকাশের লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, একজন শিক্ষকের প্রকৃত সাফল্য তাঁর শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধ ও মননশীলতার বিকাশে প্রতিফলিত হয়। পাবলিক স্পিকিং ও বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, কার্যকর যোগাযোগ, নেতৃত্বের গুণাবলি এবং দায়িত্বশীল মতপ্রকাশের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি মুক্তবুদ্ধি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, নেতৃত্বের দক্ষতা অর্জন এবং জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর সঞ্জয় বিশ্বাস ও মডারেটর মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না। এ ছাড়া উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ফজল আল মাহমুদায়ন, সহ–সভাপতি মোশারফা পারভীন, সাধারণ সম্পাদক সিফাত চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক কাজী মো. আলদীন ফারদিনসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাবলীল উপস্থাপনা, যুক্তিনির্ভর বক্তব্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের চিন্তা ও মতামত প্রকাশ করেন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন–প্রথম স্থান অর্জন করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের মোবারক হোসেন সজীব, দ্বিতীয় স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের শরিফা তাসফিয়া, তৃতীয় স্থান অর্জন করেন সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের রাইসুল ইসলাম, চতুর্থ স্থান অর্জন করেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের আব্দুল্লাহ এবং পঞ্চম স্থান অর্জন করেন আইন বিভাগের তাসনিম জাহান।
উল্লেখ্য যে, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) সাবেক মডারেটর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












