‘চট্টগ্রামের টেকসই উন্নয়নে পাহাড় ও পরিবেশ সংরক্ষণ নাকি অর্থনৈতিক উন্নয়ন–কোন্টি বেশি গুরুত্বপূর্ণ?’ এই সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে যুক্তি, তথ্য ও বিশ্লেষণে মুখর ছিল প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজিত দ্বাদশ জাতীয় বিতর্ক উৎসব আন্তঃকলেজ বিতর্কের ফাইনাল পর্ব।
৩দিনব্যাপী এ জাতীয় বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। তার আগে আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মাহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী এবং দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সংগঠক মাসুদ বকুল। সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) চিফ মডারেটর জুলিয়া পারভীন। উপস্থিত ছিলেন পিইউডিএসের মডারেটর সঞ্জয় বিশ্বাস, হিল্লোল সাহা, সাইফুদ্দিন মুন্না ও নিলুফার সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন পিইউডিএস সভাপতি ফজল আল মাহমুদ অয়ন ও সাধারণ সম্পাদক সিফাত নূর চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিইউডিএস সাবেক সভাপতি সাবের শাহ। আন্তঃকলেজ বিতর্কের ফাইনাল বিষয়ের প্রস্তাব ছিল-‘এই সংসদ মনে করে, চট্টগ্রামের টেকসই উন্নয়নের জন্য পাহাড় ও পরিবেশ সংরক্ষণ অর্থনৈতিক উন্নয়নের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
প্রধান অতিথি বলেন, বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি যুক্তিবোধ, নেতৃত্ব, বিশ্লেষণী দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম। শিক্ষার্থীদের তথ্য ও যুক্তিনির্ভর চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার ইউনিভার্সিটি ভবিষ্যতেও মেধা ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন অব্যাহত রাখবে। ষষ্ঠ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। প্রতিযোগিতার সেরা বক্তা নির্বাচিত হন ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের অমৃতা সিংহ এবং ফাইনালের সেরা বক্তা হন সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের সাদমান সারার।আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। প্রতিযোগিতা ও ফাইনালের সেরা বক্তা নির্বাচিত হন সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের নুহা আলম।দ্বাদশ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চবি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এবং রানার্সআপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। প্রতিযোগিতার সেরা বক্তা নির্বাচিত হন প্রিমিয়ার ইউনিভার্সিটির ফারদিন আলাদিন এবং ফাইনালের সেরা বক্তা হন চবির অর্নব মিত্র। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।











