সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মামুনুর রশিদ (৩৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পাঁচ দিন পর গতকাল শনিবার রাতে কফিনবন্দী হয়ে তার মরদেহ দেশে ফিরেছে। রাত সাড়ে ৮টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে মরদেহ চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। রাত ৯টার দিকে স্বজনরা মরদেহ গ্রহণ করেন। নিহত মামুনুর রশিদ বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পালেগ্রাম তালুকদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্র ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪০ মিনিটের দিকে আবুধাবিতে নিজের ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
কালীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফরিদ বলেন, নিহত মামুনুর রশিদ তার আপন বোনের জামাতা। প্রায় ২০ বছর ধরে তিনি প্রবাসে ছিলেন। আবুধাবিতে তিনি চুক্তিভিত্তিক ভবনের ডেকোরেশন, টাইলস ও ডিজাইনের কাজ করতেন। নিজস্ব লাইসেন্স নিয়ে শ্রমিকদের দিয়ে এসব কাজ পরিচালনা করতেন তিনি। তিনি বলেন, ঘটনার দিন রাতে কাজ শেষে বাসায় ফেরার পর এসিতে সমস্যা দেখা দেয়। সেটি মেরামতের জন্য ছাদে যান মামুনুর। মেরামতের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামুনুর রশিদ স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ তিন সন্তান রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কালীপুর ইউনিয়নের পালেগ্রাম মাগন আলী জামে মসজিদ মাঠে মামুনুর রশিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।












