বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব আগামী ১৩ জুন ঢাকায় কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে চট্টগ্রাম জেলা দল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জামালপুর জেলা দল। বিকেল সাড়ে তিনটায় এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৬৪ জেলার ফুটবল দলসমূহের অংশগ্রহণে প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্বে কর্ণফুলী জোনে চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উন্নীত হয়। চূড়ান্ত পর্বে ৮ বিভাগের ৮টি অঞ্চলিক চ্যাম্পিয়ন দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।

‘এ’ গ্রুপে রয়েছে জামালপুর, নীলফামারী, মাগুরা এবং চট্টগ্রাম। ‘বি’ গ্রুপে রয়েছে মৌলভীবাজার, পিরোজপুর, রাজবাড়ী এবং সিরাজগঞ্জ। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে সেমিফাইনালে। এরপর দুই সেমিফাইনালের বিজয়ী দল আগামী ২২ জুন ফাইনাল খেলায় অংশ নেবে। চট্টগ্রাম জেলা দলের কোচের দায়িত্ব পালন করছেন আবদুস সবুর। আর ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু। এদিকে চট্টগ্রাম জেলা ফুটবল দলের দলনেতা মনোনীত হয়েছেন ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিপ্লব দে পার্থ।












