অগণিত মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসকে সঙ্গী করে ৬৭ বছরে পদার্পণ করেছে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী। গতকাল ছিল পত্রিকাটির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ৬৬ বছরের পথচলায় নানা প্রতিকূলতা, চড়াই–উতরাই পেরিয়ে দৈনিক আজাদী আজ শুধু একটি সংবাদপত্র নয়, চট্টগ্রামের মাটি ও মানুষের মুখপত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের সুখ–দুঃখ, আশা–আকাঙ্ক্ষা, অধিকার ও স্বপ্নের কথা বলার যে দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু হয়েছিল, আগামী দিনগুলোতেও সেই অঙ্গীকার নিয়ে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে আজাদী।
১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলার প্রত্যয় নিয়ে দৈনিক আজাদী প্রকাশ করেন এ অঞ্চলের প্রথম মুসলিম প্রকৌশলী আলহাজ্ব আবদুল খালেক ইঞ্জিনিয়ার। ষাটের দশকের অবহেলিত চট্টগ্রামের আর্থসামাজিক বাস্তবতা, মানুষের অভাব–অভিযোগ এবং সুখ–দুঃখের কথা তুলে ধরার লক্ষ্যেই শুরু হয়েছিল এ পত্রিকার পথচলা। সেই সময়ের চট্টগ্রামের অবকাঠামোগত ও সার্বিক পরিস্থিতি আজকের প্রজন্মের কাছে কল্পনাতীত। মুদ্রণ ও প্রকাশনা শিল্পের দুরবস্থার সেই সময়ে একটি দৈনিক পত্রিকা প্রকাশের উদ্যোগ নেওয়া ছিল অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। কিন্তু চট্টগ্রামের মানুষের প্রতি গভীর মমত্ববোধ ও দায়বদ্ধতা থেকেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন ইঞ্জিনিয়ার আবদুল খালেক।
প্রকাশনার প্রথম দিন থেকেই বিশ্বস্ততার সঙ্গে চট্টগ্রামের কথা বলে এসেছে দৈনিক আজাদী। দীর্ঘ ৬৬ বছরের পথচলায় নানা প্রতিকূলতা ও পরিবর্তনের মধ্য দিয়েও পত্রিকাটি ধরে রেখেছে তার মৌলিক অঙ্গীকার। সময়ের সঙ্গে সংবাদ পরিবেশনের ধরন ও প্রযুক্তিতে পরিবর্তন এলেও মাটি ও মানুষের কথা বলার নীতিতে কোনো পরিবর্তন আসেনি। চট্টগ্রামের মানুষের সুখ–দুঃখের পাশাপাশি এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি, বন্দর, শিল্প ও সম্ভাবনার কথাও সযত্নে তুলে ধরেছে আজাদী।
এ দীর্ঘ পথচলায় পাঠকের অকুণ্ঠ ভালোবাসা ও আস্থা দৈনিক আজাদীকে দিয়েছে অনন্য শক্তি। বছরের পর বছর ধরে চট্টগ্রামের মানুষের ভালোবাসায় পত্রিকাটি টিকে আছে স্বমহিমায়। দেশের প্রথম সারির দৈনিক হিসেবে স্বীকৃতি অর্জনের পেছনেও রয়েছে পাঠকের এই আস্থা ও বিশ্বাস। মানুষের ভালোবাসা, বিশ্বাস ও নির্ভরতা আজাদীকে প্রতিনিয়ত উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। সেই আস্থার মর্যাদা রক্ষা করে সামনের দিনগুলোতেও মানুষের কথা বলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে পত্রিকাটি।
দৈনিক আজাদীর ৬৬ বছর পূর্তি উপলক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শোকরানা আদায় এবং পত্রিকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় গতকাল বাদ আছর আজাদী ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রিজভী।
মিলাদ ও বিশেষ মোনাজাতে দৈনিক আজাদীর উত্তরোত্তর সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল খালেক, প্রাক্তন সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদসহ এ পত্রিকার সঙ্গে সম্পৃক্ত থেকে মৃত্যুবরণকারী সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
৬৭ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল দৈনিক আজাদী কার্যালয়ে ছিল মানুষের মিলনমেলা। চট্টগ্রাম নগরীর বিভিন্ন প্রান্ত থেকে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সমাজকর্মী, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও সংগঠনের প্রতিনিধিরা এসে দৈনিক আজাদীকে ফুলেল শুভেচ্ছা জানান। অগণিত মানুষের ভালোবাসায় ফুলে ফুলে ভরে ওঠে আজাদী ভবনের আঙিনা। দিনভর শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয় পত্রিকাটির কার্যালয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দৈনিক আজাদী কর্তৃপক্ষ অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী, কর্মকর্তা–কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের ভালোবাসা ও সহযোগিতাই আজাদীর দীর্ঘ পথচলার মূল শক্তি বলে উল্লেখ করে আগামী দিনগুলোতেও মানুষের কথা বলার এই অভিযাত্রায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
৬৬ বছর আগে যে স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে ইঞ্জিনিয়ার আবদুল খালেক দৈনিক আজাদীর যাত্রা শুরু করেছিলেন, সময়ের দীর্ঘ পথ পেরিয়ে সেই স্বপ্ন আজ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চট্টগ্রামের মানুষের ভালোবাসায় সমৃদ্ধ সেই পথচলা এখন ৬৭ বছরে। আগামী দিনেও মাথা উঁচু করে, সত্য ও মানুষের পক্ষে থেকে চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলাই হবে দৈনিক আজাদীর পথচলার মূল অঙ্গীকার। এই যাত্রায় দৈনিক আজাদী পরিবার সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছে।












