প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক জ্ঞান মেলা

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

স্বপ্ন, সাহস, উদ্যোগআর নয় কিশোরী গর্ভধারণ; তৃণমূলের শক্তিতে নিরাপদ কৈশোর’ প্রতিপাদ্যে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক জ্ঞান মেলা। নগরের আগ্রাবাদ হোটেলে দিনব্যাপী এই মেলার আয়োজন করে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশান (ইপসা)। চট্টগ্রাম বিভাগের প্রায় ৩০০ জন তরুণতরুণী এই আয়োজনে অংশগ্রহণ করে।

উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান। এরপর পুরো আয়োজনের ব্রিফিং নোট উপস্থাপন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্টুডেন্ট গভর্মেন্টের সভাপতি আফরা নাওয়ার রহমান। এ আয়োজনে সভাপতিত্ব করেন রেড অরেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বেগম সাহান ওয়াজ। এই পর্বে মোছাম্মৎ মৌসুমী নিজের জীবনের গল্প শুনিয়েছেন। কীভাবে বাল্যবিয়ে হওয়ার ফলে নিজের জীবন ঝুঁকিতে পরেছিল এবং কীভাবে কঠিন সময় পারি দিচ্ছেন সে গল্প শোনান মৌসুমী।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ২০৩০ সালের মধ্যে মাতৃ মৃত্যুহার কমিয়ে আনা হবে। কিশোরীদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে ছেলেমেয়েদের আমাদের প্রথমে পরিবার থেকে সচেতন করতে হবে। আমাদের সামাজিক বন্ধন বাড়াতে হবে। এই জায়গাগুলোতে কাজ করা প্রয়োজন।

ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক সচেতন। তবে তাদেরকে আরও বেশি নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে। বাল্য বিয়ে প্রতিরোধে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শিরোনাম ছিল ‘যুবাদের স্বপ্ন বাস্তবায়ন: এসআরএইচআরের জন্য লক্ষ্য বনাম কার্যক্রম’। এই পর্বের আলোচনায় উঠে আসে বাল্যবিয়ের ক্ষতিকর দিক নিয়ে তারুণ্যের ভাবনার কথা। তৃতীয় পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপসা’র দলনেতা শামীমা চৌধুরী। এই পর্বের আলোচনায় উঠে আসে কিশোরী অবস্থায় গর্ভধারণ ও স্বাস্থ্যঝুঁকির কথা। ‘কার্যকর উদ্যোগে নেটওয়ার্কিং: ব্যবস্থা ও কমিউনিটি প্রতিক্রিয়া শক্তিশালী করা’ শিরোনামে বসে আয়োজনের চতুর্থ পর্বের আলোচনা সভা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসাইন রানার সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। শেষ পর্বের আলোচনা সভার বিষয় ছিল ‘কণ্ঠ থেকে কার্যক্রমে: কিশোরী গর্ভধারণ রোধে চট্টগ্রাম ঘোষণাপত্র গঠন’। এই পর্বে সভাপতিত্ব করেন নাসিম বানু শ্যামলী। তরুণদের পক্ষ থেকে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয় এই পর্বে। দিনব্যাপী এই মেলায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তুলে ধরা হয় নিজেদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক কার্যক্রম। ৮টি স্টলে ছিল বিভিন্ন ধরনের তথ্যউপাত্তের প্রদর্শনীও। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা পরিচালককে পুলিশে দিলেন বিক্ষুব্ধ অভিভাবকেরা
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে শিশু আইসিইউ বিভাগে মেডিকেল যন্ত্রপাতি প্রদান