পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন

‘ভুল সতর্কসংকেত’,

| শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনে ক্ষতিকর উপাদান শনাক্তকারী সেন্সরের ‘ভুল সতর্কসংকেত’এর কারণে সাময়িক লকডাউন ও ভবন আংশিক খালি করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সকালে ওই ঘটনা ঘটলেও পরবর্তীতে সব পরীক্ষা শেষে কোনও বিপদ নেই নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে সংশ্লিষ্ট দুই সূত্র একথা জানিয়েছে। পেন্টাগনের একটি স্বয়ংক্রিয় সেন্সর সিস্টেমে ‘অ্যানথ্রাক্স’ এর উপস্থিতি শনাক্ত হওয়ার সংকেত মিললে ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্মকর্তাদের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, সেন্সরটির যান্ত্রিক ত্রুটির কারণেই এই ভুল সতর্কসংকেত বেজে উঠেছিল। খবর বিডিনিউজের।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশাল ওই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলার ৪ থেকে ৭ নম্বর করিডোর পর্যন্ত অবরোধ (লকডাউন) করে রাখা হয়। এই জোনের মধ্যে মার্কিন নৌবাহিনীর প্রধান জনসংযোগ কার্যালয় এবং আর্মি সেক্রেটারি কার্যালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যালয়গুলো অবস্থিত। ভবনের বাকি তলাগুলো খালি করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন ফোর্সের পাশাপাশি স্থানীয় দমকল বিভাগের রাসায়নিক ও বিপজ্জনক উপাদান প্রতিরোধ বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পূর্ববর্তী নিবন্ধশ্রুতিঅঙ্গনের রবীন্দ্র-নজরুল জয়ন্তি উদযাপন
পরবর্তী নিবন্ধপর্যাপ্ত বরাদ্দের অভাব : ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ