পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ ওয়াসার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

নগরীর বেশ কিছু এলাকায় চট্টগ্রাম ওয়াসার গ্রাহকের ভূগর্ভস্থ জলাধারের পানির সাথে অতিবর্ষণে প্লাবিত পানি মিশ্রিত হয়ে পান ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে ওয়াসার গ্রাহকদের বাড়ির আন্ডার গ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার পরিষ্কারকরণসহ (জীবাণুমুক্তকরণ) পানি ফুটিয়ে খাওয়ার জন্য চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসা নগরীর গ্রাহকদেরকে সতর্ক করে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করেছে। গত সোমবার থেকে একটানা ভারী বর্ষণে নগরীর অনেক এলাকা প্লাবিত হয়েছে। পরদিন মঙ্গলবার অতি ভারী বর্ষণের কারণে নগরীর অনেক নিচু এলাকার সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস থেকে জানানো হয়, চট্টগ্রামে চার দশকের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন পতেঙ্গা, আগ্রাবাদ, হালিশহরের কিছু এলাকা, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া, মোহরা ইত্যাদি এলাকার মানুষ। বিশেষ করে এসব এলাকার কিছু কিছু গ্রাহকের ভূগর্ভস্থ জলাধারের পানির সাথে অতিবর্ষণে প্লাবিত হয়ে নালানর্দমার পানি মিশ্রিত হয়ে পান ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

নগরীতে যে সব গ্রাহকের ভূগর্ভস্থ জলাধারের পানি বৃষ্টির পানিতে ডুবে নালানর্দমার পানির সাথে মিশ্রিত হয়েছে তাদের রিজার্ভার পরিষ্কার করার জন্য চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে বাসাবাড়ির ব্যবহারের পানি ফুটিয়ে খাওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।

এই ব্যাপারে নগরীতে চট্টগ্রাম ওয়াসার ৪টি মডএর নিজস্ব টিমের সদস্যরা সার্বক্ষণিক সহযোগিতা করবেন বলে ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে। আন্ডার গ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার পরিষ্কারকরণের (জীবাণুমুক্তকরণ) চট্টগ্রাম ওয়াসার মড(ফোন: ০১৩২৪৭১২৪৩১), মড(ফোন: ০১৩২৪৭১২৪৩২), মড(ফোন : ০১৩২৪৭১২৪১১) এবং মড(ফোন: ০১৩২৪৭১২৪২৪) এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে অতির্বষণে নগরীর প্রায় এলাকা প্লাবিত হয়ে চট্টগ্রাম ওয়াসার অনেক গ্রাহকের ভূগর্ভস্থ জলাধারে পানি ঢুকে যায়। ফলে ওই সব এলাকার ওয়াসার পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধরেললাইন থেকে এখনো কমেনি পানি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামসহ ৮ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা