গ্রিনোভেশন বাংলাদেশ ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যোগে এবং নিনাদের সহযোগিতায় ‘নাউ ফর ক্লাইমেট’ প্রতিপাদ্য নিয়ে ইয়ুথ ক্লাইমেট ডায়ালগ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ইনচার্জ ইয়াসির সিলমী।
প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। তিনি বলেন, পরিবেশ দূষণে সমগ্র বিশ্ব আজ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্ব আজ পারমাণবিক বোমা নিয়ে আতংকিত হলেও প্রকৃত পক্ষে পরিবেশ দূষণের চেয়ে বেশি ভয়াবহ। কারণ আমরা প্রতিনিয়ত নানাভাবে পরিবেশ দূষণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যেহেতু সচেতনতার অভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হচ্ছে, তাই আমাদের সকলের উচিত পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করা।
বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্র্রার ইনচার্জ ড. এসএম শোয়েভ, যুব সংগঠক ও নিনাদের প্রতিষ্ঠাতা বনকুসুম বড়ুয়া, এবং গ্রিনোভেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা কাজী আরাফাত। শিক্ষার্থী আকরাম হোসেন রানা ও খাদিজা সেলিম ঈশানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, ডিভেটিং ক্লাবের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরীন আফরিন, ইংরেজি বিভাগের শিক্ষক জিনুফার ইয়াসমিন, আইন বিভাগের শিক্ষক প্রাঞ্জল দত্ত এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাবিহা জাহান। স্বাগত বক্তব্য রাখেন ডিবেটিং ক্লাবের সভাপতি সানজিদুল ইসলাম সায়মুন।
এ উপলক্ষে ইকো কুইজ প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা, ডিবেট শো, ইয়ুথ অপিনিয়ন অন ক্লাইমেট এনভায়রনমেন্ট বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জান্নাতুল নাঈমা সাথী প্রথম, মো. মোসাদ্দেক আলি দ্বিতীয় তায়েফ সাদিয়া তৃতীয় স্থান অর্জন করেন। পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় সৈমন্তী বণিক প্রথম, জান্নাতুল ফেরদৌস দ্বিতীয় এবং দুর্জয় নন্দী তৃতীয় স্থান অর্জন করেন। শো ডিবেটে অংশগ্রহণ করেন আইন নিশু রাণী দাস, নুসরাত জাহান মীম, আকরাম হোসেন রানা, জান্নাতুল নাঈমা সাথি, ইসপা এবং নাঈম উদ্দীন আহমেদ।
এছাড়া ‘মননে ৭১ : কলমে ও কণ্ঠে’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন আকরাম হোসেন রানা, রানারআপ হন মাইশা মান্নান তাসনিয়া। প্রেস বিজ্ঞপ্তি।












