শেষ পর্যন্ত বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা থেকে ফিফার সরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল–খালিফা। সেই সঙ্গে তিনি, ভবিষ্যতে বিশ্ব ফুটবল নিয়ে যেকোনো পদক্ষেপের ক্ষেত্রেই স্বচ্ছ ও অর্থবহ আলোচনা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
ব্যাপক বিরোধিতার মুখে চার দিনের মধ্যে নিজেদের পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। শুক্রবার বিবৃতি দিয়ে ইনফান্তিনো বলেন, ‘সকল মতামত মনোযোগ দিয়ে শোনার পর’ এটি বাতিল করছেন তারা। এরপরই ফিফাকে সিদ্ধান্ত বদলের জন্য ধন্যবাদ জানান এএফসি প্রধান শেখ সালমান। এএফসির ওয়েবসাইটে পোস্ট করা এক চিঠিতে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, ‘বিশ্ব ফুটবলে প্রভাব ফেলতে পারে এমন যেকোনো উদ্যোগ যথাসময়ে, স্বচ্ছ ও অর্থবহ উপায়ে সব কনফেডারেশন, ফিফা কাউন্সিল, সদস্য সংস্থাগুলো এবং অন্যান্য অংশীজনের সামনে উপস্থাপন ও আলোচনা করা হবে।’ ‘বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ সবসময় যথাযথ পরামর্শ, সম্মিলিত আলোচনা এবং আমাদের খেলার প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামোর প্রতি শ্রদ্ধার ভিত্তিতেই নির্ধারিত হওয়া উচিত।’
এর আগে বৃহস্পতিবার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে পাঠানো এক চিঠিতে শেখ সালমান বলেন, ফিফা যেভাবে প্রস্তাবটি উপস্থাপন করেছে, তা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
এএফসি হলো ফিফার ছয়টি আঞ্চলিক কনফেডারেশনের একটি। যা এশিয়া, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়া জুড়ে আঞ্চলিক ক্লাব ও জাতীয় দলগুলোর প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পালন করে।












