পথরোধ করে ছিনতাই, ব্যাংকের কার্ড থেকে সোয়া লাখ টাকা লুট

নতুন ব্রিজে গ্রেপ্তার পাঁচ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর (নতুন ব্রিজ) উত্তর পাশে পথরোধ করে ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা ও ২টি দেশীয় তৈরি ছোরা এবং লুণ্ঠিত ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে।

গত ৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টায় শাহ আমানত সেতুতে পুলিশ ও স্থানীয় জনতা তিন ছিনতাইকারীকে আটক করে। খবর পেয়ে ছিনতাইয়ের শিকার মো. রিদোয়ান ও তার ছোট ভাই রিফাতুল ইসলাম ছিনকাইকারীদের শনাক্ত করেন। গ্রেপ্তাকৃতররা হলেন মো. আরমান (২৯), মো. আরফান ওরফে ইরফান (২৪), মো. করিম ওরফে পঞ্চ (২১), মো. রাকিব (১৯) ও গোলাম হোসেন (৩৮)। বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবির।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাত ১১টায় মো. রিদোয়ান ও তার ছোট ভাই রিফাতুল ইসলাম কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক থেকে অটোরিকশায় নতুন ব্রিজের দিকে যাচ্ছিলেন। রাত ১১টা ২০ মিনিটে শাহ আমানত সেতুর উত্তর পাশে আরমান, আরফান, করিম ও আরেক অজ্ঞাত ব্যক্তি ছোরার ভয় দেখিয়ে তাদের পথ আটকায়।

ছিনতাইকারীরা এ সময় তাদের কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড ফোন, নগদ ২১০০ টাকা, ইস্টার্ন ব্যাংকের ভিসা কার্ড, এনআইডি, হাতঘড়ি, পাওয়ার ব্যাংক ও চার্জার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দুই ভাই বাধা দিলে আসামিরা তাদের এলোপাতাড়ি কিলঘুষি মারে। একপর্যায়ে আরফান ছোরা দিয়ে রিফাতুলকে আঘাত করে দ্রুত সবাই পালিয়ে যায়।

পরদিন ৮ আগস্ট সকালে ছিনতাইকারীরা এনআইডি ও ভিসা কার্ড ব্যবহার করে ইস্টার্ন ব্যাংকের হিসাব থেকে ১ লাখ ২৬ হাজার টাকা তুলে নেয়। ৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টায় শাহ আমানত সেতুতে পুলিশ ও স্থানীয় জনতা তিন ছিনতাইকারীকে আটক করে। পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা ও ২টি ছোরা উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানায়, ছিনতাই করা মোবাইল দুটি তারা মো. রাকিবের কাছে বিক্রি করেছে। সেই তথ্যে পুলিশ পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে এবং মোবাইল দুটি উদ্ধার করে। ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়ে আরমানকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, টাকা তুলতে সিম, এনআইডি ও ভিসা কার্ড গোলাম হোসেনের কাছে দিয়েছিল। খবর পেয়ে পুলিশ সদরঘাট থানার মাদারবাড়ি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে গোলাম হোসেনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবালুর গর্তে পড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরডের বদলে বাঁশ অভিযোগে ভিডিও পোস্টকারীর বিরুদ্ধে চসিকের মামলা