চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার নাইখাইন এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী লেগুনা চাপায় প্রাণ হারিয়েছে তাসপিয়া নামের ৭ বছর বয়সী এক শিশু। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন এলাকার গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তাসফিয়া সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকার সুন্দর পাড়া এলাকার আবু হানিফের মেয়ে। তার বাবা আবু হানিফ পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন এলাকার একটি মুদি দোকানে চাকরি করেন। এ সুবাদে পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় থাকত শিশুটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় তাসফিয়া দ্রুতগতির একটি লেগুনার ধাক্কায় গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
জঙ্গলখাইন ইউনিয়নের গ্রাম পুলিশ সৈয়দ নবী বলেন, সকাল ৯টার দিকে শিশুটি মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী লেগুনার চাপায় গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানেই তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তৃষ্ণা সরকার সেতু বলেন, সাত বছর বয়সী এক শিশুকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। শিশুটির মাথা, মুখ ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার পর লেগুনাটির চালক সাইদুল ইসলাম (২৮) এবং গাড়িটি আটক করেছে পটিয়া হাইওয়ে থানা পুলিশ। শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক আইনে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।












