পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় সরকারি করা হবে : এমপি এনাম

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের এমপি এনামুল হক এনাম বলেছেন, পটিয়ায় আগামীতে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শুধু ছাত্রদের নয়, যে শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ ফলাফল করবে সে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও পুরস্কৃত করা হবে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থার যে অপূরণীয় ক্ষতি করেছে, তা পূরণ করতে সময় লাগবে। এখন শিক্ষার্থীদের পড়ালেখা করেই পরীক্ষায় পাস করতে হবে।

তিনি আরো বলেন, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণ করার প্রক্রিয়া করা হবে। এ সময় বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য ডিও লেটার দেওয়ার কথাও জানান তিনি। এমপি এনাম বলেন, ১৮২ বছরের পুরোনো এ বিদ্যালয় দক্ষিণ চট্টগ্রামের শিক্ষা, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। এ বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে বহু গুণীজন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখেছেন।

গত মঙ্গলবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র গাজী মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চন্দন কান্তি নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, মাইনুল আলম ছোটন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধচর-চাকতাইয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল