পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটার গেজ রেল লাইনগুলো পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরের পরিকল্পনা করেছে সরকার। পাশাপাশি রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়নসহ ‘নিরবচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেলওয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠক হয়। খবর বিডিনিউজের।
সেখানেই রেলওয়ের মধ্য ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল। তিনি বলেন, পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটারগেজ লাইনসমূহ পর্যায়ক্রমে ব্রডগেজ করা, রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে কীভাবে অর্থায়ন হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
সভায় রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, রেল বিভাগের সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।









