মীরসরাই উপজেলায় অবস্থিত দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ডাকাতির সময় ১০ ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা ও শিল্প পুলিশ। আটক ব্যক্তিরা সবাই নোয়াখালীর সুবর্ণচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে ডাকাত দলটি নৌকা নিয়ে মীরসরাই উপকূলীয় এলাকায় প্রবেশ করে। এরপর তারা সাগরে বালু উত্তোলনকারী কয়েকটি কাটার বোর্ডে ডাকাতি করে তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল লুট করে নেয়।
এ সময় কাটার বোর্ডের শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ঘেরাও করে আটক করে। পরে অর্থনৈতিক অঞ্চলে দায়িত্বরত শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের উদ্ধার করেন। এরপর তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।











