মীরসরাইয়ে বাড়িতে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তার বাড়ি থেকে এলজি, ছোরা ও রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। গত ৩ নভেম্বর রাতে শাহেরখালী ইউনিয়নের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নওশাদ শাহেরখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার থানা পুলিশের সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে নওশাদ আলমকে গ্রেপ্তার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, অস্ত্রসহ নওশাদ আলম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে মীরসরাই থানা যুবদলের সমন্বয়ক এসএম সুমন বলেছেন, জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রধারীর জায়গা হবে না। কারো ব্যক্তিগত দায় দল নেবে না। উক্ত ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।











