নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৪

সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবি

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সাগরে মাছ ধরতে গিয়ে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ গতকাল শুক্রবার দুপুরে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার ভোরে সোনাদিয়া চ্যানেলে আটজন মাঝিমাল্লা নিয়ে একটি ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় আশপাশের জেলেরা চারজনকে জীবিত ও দুইজনের মরদেহ উদ্ধার করে।

নিহত জেলেরা হলেন কুতুবজোম ইউনিয়নের মৃত মকতুল হোসেনের ছেলে ফয়েজ আহমদ, মেহেরিয়া পাড়ার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম, বড় মহেশখালীর জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে মহিব উল্লাহ ও কুতুবজোমের খোন্দকারপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে নুরুল আলম। কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজর ৪০ ঘণ্টা পর সোনাদিয়া চ্যানেল থেকে জেলে মহিব উল্লাহ এবং হামিদারদিয়া প্যারাবন থেকে নুরুল আলমের মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। এর মধ্যে নুরুল আলম সদ্য বিবাহিত যুবক।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা
পরবর্তী নিবন্ধদেবে গেছে মহাসড়ক, গার্ড রেইল ভেঙে বেড়েছে ঝুঁকি