টেকনাফের নাফ নদীতে এক জেলের টানা জালে ২৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে শুকুর মাঝির জালে কোরালটি ধরা পড়ে। পরে সেটি ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। মাছটি জেটি ঘাটে আনা হলে তা দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ভিড় করেন। বিশাল আকৃতির কোরাল ঘিরে তৈরি হয় ব্যাপক কৌতূহল। খবর বিডিনিউজের।
জেলে শুকুর মাঝি বলেন, বর্তমানে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় নাফ নদীতে জেলেদের জালে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। ভোরে আমার টানা জালে বড় কোরাল মাছ ধরা পড়েছে। তার ভাষ্য, নাফ নদীর দেশি কোরাল মাছের চট্টগ্রামে বেশ চাহিদা ও ভালো দাম রয়েছে। শকুর বলেন, মাছটির দাম হাঁকা হয়েছিল ৩০ হাজার টাকা। পরে মাছটি টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী নুরুল আমিনের কাছে প্রতি কেজি ১ হাজার টাকা দরে মোট ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যুতে নাফ নদীতে মাছ শিকার বন্ধ ছিল। এই ছাড়াও প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে। নাফের কোরালের স্বাদও বেশ ভালো।











