কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে গোসল করতে নেমে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর শিকার দুইজন হলো উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ নিশানা (১২) এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ আরজিন (১৫)। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। শাহপরীর দ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল বলেন, নদীতে গোসল করতে নেমে দুই শিশু–কিশোরের নিখোঁজের খবর পেয়ে কোস্ট গার্ড ও স্থানীয় জেলেরা তাদের উদ্ধারে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে দুজনকেই উদ্ধার করা হয়। তবে আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্য কিশোর নিশানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
মৃত্যুর শিকার আরজিনের বাবা কেফায়েত বলেন, সকালে নাস্তা করে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় আরজিন। খেলা শেষে সবার সঙ্গে নাফ নদীতে গোসল করার সময় পানিতে ডুবে সে মারা গেছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান বলেন, নাফ নদী থেকে উদ্ধার করা নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
দুই শিশুর এমন মৃত্যুতে শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।








