নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সমপ্রসারণ, রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎভিত্তিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাঙামাটি পৌরসভার সামনে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, তরুণ–যুব এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে তারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি ভর্তুকি প্রদান, ইউনিয়ন পর্যায়ে সৌরবিদ্যুৎবিষয়ক কারিগরি সহায়তা নিশ্চিত করা, দক্ষ জনবল গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির সমপ্রসারণে কার্যকর নীতি গ্রহণ এবং সৌরবিদ্যুৎ সরঞ্জামের ওপর আরোপিত শুল্ক ও কর প্রত্যাহার। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে পৌরসভার মালিকানাধীন সরকারি ভবনের ছাদ, খালি জমি ও অন্যান্য অব্যবহৃত স্থান জরিপ করে সেখানে রুফটপ সোলার এবং সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি সম্ভাব্য স্থানগুলোতে সৌরবিদ্যুৎ প্রকল্প প্রণয়ন, সরকারি–বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত করা, কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি টেকসই নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে ফোরাম সভাপতি মুজিবুল হক বুলবুল, কবি শিশির চাকমা, গৌরিকা চাকমা, আনন্দ জ্যোতি চাকমাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











