হাটহাজারীতে চলন্ত গাড়িতে গুলিবর্ষণ, গুলির খোসা উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে এসএম শহিদুল্লাহ রনি নামের এক ব্যবসায়ী ও সাংবাদিকের চলন্ত প্রাইভেটকারকে দাঁড় করিয়ে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। সাংবাদিক রনি বিজয় টিভির সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বর্তমানে দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় ১২ টার দিকে উপজেলার মেখল ইউপির রহিমপুরস্থ চারাবটতলা এলাকায় হাটহাজারী-রাউজান সড়কের ওপর এঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ঘটনার দিন দিবাগত রাতে রনি তার প্রাইভেট গাড়ি (চট্টমেট্টো-ঘ ১১-২৫০০) চালিয়ে চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়ি রাউজানের দিকে যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা দুই দুর্বৃত্ত তার গাড়িতে ইট নিক্ষেপ করে গাড়িটি থামাতে বাধ্য করান। পরে হামলাকারীরা গাড়ির পেছনের সিট লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তবে গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি গুলির খোসা উদ্ধার করে এ ঘটনায় জড়িতদের সনাক্তের মাধ্যমে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে।

ভিকটিম এসএম শহিদুল্লাহ রনি জানান, কিছুদিন পূর্বেও কিছু দুর্বৃত্ত তারা বাসায় গিয়ে হামলা করেছিলো। এ ঘটনায় তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন।

জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ গুলিবর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের সাথে কথা বলে জেনেছি রাউজানের বিভিন্ন ব্যক্তি ও গ্রুপের সাথে তিনার দ্বন্দ রয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সম্প্রসারণের দাবি