‘নতুন বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং এর ভূমিকা’ শীর্ষক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের (প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা) উদ্বুদ্ধকরণ সভা গতকাল শনিবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি বলেন, মেধা পাচার রোধে আমাদের এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে যোগ্যতা, সৃজনশীলতা ও গবেষণার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হয়। একই সঙ্গে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ নতুন প্রজন্ম গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে।
তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন বাংলাদেশ গঠনে স্কাউটিং আন্দোলনকে আরো বেগবান ও সম্প্রসারিত করার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার সহ–সভাপতি মো. ছিদ্দিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন। রিসোর্স পার্সন হিসেবে অধ্যাপক মো. মোজাহেদ হোসেন মূল সেশন পরিচালনা করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক এস. এম. শাহনেওয়াজ আলী মির্জাসহ বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন শামীম আরা আক্তার জাহান, ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন, আবু ছালেহ মুহাম্মদ সলীমুল্লাহ, মুহাম্মদ তজল্লী আজাদ, নূরুল ইসলাম শরীফ প্রমুখ। শেষে স্কাউটিং এ বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা ও এয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।









