নছিমন থেকে নামানোর সময় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত

দগ্ধ ভাঙারি দোকানদার চাচা-ভাতিজা

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৩ মে, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বড় কুমিরা এলাকায় অবস্থিত ইসমাইল আয়রন মার্ট নামক একটি ভাঙারি দোকানে অক্সিজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় মো. আরমান (৩০) নামের এক নছিমন ভ্যান (ভটভটি) চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ভাঙারি দোকানদার চাচাভাতিজা। গতকাল শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে বড় কুমিরা এলাকার মাজার গেইট কর্ণফুলী স্টিল মিলস এর সামনের সড়কের পাশে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, কুমিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইসমাইল আয়রন মার্ট নামক একটি ভাঙারি দোকানে নছিমন থেকে ৫টি অক্সিজেন সিলিন্ডার নিচে নামানো হচ্ছিল। এ সময় একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পুরো এলাকা কেঁপে উঠে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভেঙে যায় পাশের বাড়ির জানালার গ্লাসও। শুধু তাই নয়, সিলিন্ডারের টুকরোগুলো দোকানের চালের টিনের উপর ও বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে নিহত হন নছিমন চালক কুমিল্লা জেলার মৃত মো. বাচ্চু মিয়ার ছেলে আরমান। এসময় গুরুতর আহত হন দোকানের স্বত্বাধিকারী মো. কামাল ও তার ভাতিজা হেলাল উদ্দিন।

পুলিশ জানায়, এ ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে জমে থাকা গ্যাসে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করা স্থানীয় মহিলা মেম্বার ফাতেমা বেগম বলেন, ঘটনার খবর পেয়ে এখানে এসে জানতে পেরেছি ভাঙারি দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে এক নছিমন ভ্যান চালক নিহত হয়েছেন। তার ভ্যান থেকে সিলিন্ডারগুলো নামাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও দুজন।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিভিল ডিফেন্স এর সাব কর্মকর্তা আহসান আলী জানান, তিনি এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নছিমন ভ্যান থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় একটি বিস্ফোরণ হয়ে আরমান নামের ভ্যান চালক প্রাণ হানিয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন দুইজন।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আর আহতরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদ্রুত বাঁধ অপসারণে সিডিএ চেয়ারম্যানের নির্দেশনা
পরবর্তী নিবন্ধদেড় ঘণ্টার বৃষ্টিতে কয়েকটি স্থানে জলাবদ্ধতা