দ্রুত বাঁধ অপসারণে সিডিএ চেয়ারম্যানের নির্দেশনা

জামালখান খাল ও হিজরা খালের সংস্কার কাজ পরিদর্শন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ মে, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পসমূহ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। এ সময় তিনি নগরীর জামালখান খাল ও হিজরা খাল সংস্কার কাজের জন্য দেওয়া সাময়িক বাঁধসমূহ অপসারণ কাজ তদারকি করেন। সেনাবাহিনীর ৩৪তম ব্রিগেড প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। পরিদর্শনকালে জনদুর্ভোগ লাঘবে প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের দ্রুত বাঁধ অপসারণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

চট্টগ্রাম শহরের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে ৩৬টি খাল পুনঃখনন, সম্প্রসারণ ও সংস্কারের কাজ চলছে। ইতোমধ্যে ৩৪টি খালের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট দুটি খালের মধ্যে জামালখান খাল ও হিজরা খালের কাজ চলমান রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খাল দুটিতে কাজের সুবিধার্থে অস্থায়ী বাঁধ দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তবে সাম্প্রতিক ভারী বর্ষণে বাঁধের কারণে কোনো কোনো স্থানে জলজটের সৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই বাঁধ অপসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পাশাপাশি বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অংশের কাজ স্থগিত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ক্যাপ্টেন মোহাম্মদসহ ইঞ্জিনিয়ার কোরের অন্য সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের দাওয়াতে এসে খাগড়াছড়িতে যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনছিমন থেকে নামানোর সময় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত