আসছে ২৩ আগস্ট লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা কনসার্ট ২০২৬। এই আয়োজন ওপার বাংলার কিংবদন্তি নচিকেতার সঙ্গে গান গাইবেন বাংলাদেশের জয় শাহরিয়ার। খবর বাংলানিউজের।
জানা গেছে, লন্ডনের রয়াল রিজেন্সি মিলনায়তনে এই কনসার্টের গেট খোলা হবে বিকেল ৩ টায়। ইতোমধ্যেই অনলাইনে টিকেট বিক্রি শুরু হয়েছে যার মূল্য যথাক্রমে ২০,৪০ ও ১০০ পাউন্ড। অনুষ্ঠানের শিল্পী ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশের আজব কারখানা। কনসার্ট প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, লন্ডনে প্রথমবারের মতো গাইবো। নচিদার সঙ্গে আগেও এক মঞ্চে গাইবার অভিজ্ঞতা আছে।
আমাদের ঢাকার সেই দ্বৈত শোয়ের ধারাবাহিকতাতেই এবারের আয়োজন লন্ডনে হচ্ছে। আশা করি ভবিষ্যতে পৃথিবীর নানা শহরে আমরা পৌঁছে যাবো আমাদের গান নিয়ে এভাবেই। লন্ডনের শ্রোতারা একটি সুন্দর গানের সন্ধ্যা পাবেন বলেই প্রত্যাশা করছি। এ প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, জয় আমার স্নেহভাজন। ওর সাথে অডিও, মঞ্চ সব জায়গাতেই কাজ করেছি। আশা করি এবার লন্ডনে আমাদের গানও সবার মন ছুঁয়ে যাবে। উল্লেখ্য, ২০২৪ সালে প্রকাশ পেয়েছে নচিকেতা ও জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’। যেখানে জয়ের সুরে দুই শিল্পীর কণ্ঠে স্থান পেয়েছে ৭ টি গান।











