নগরের চারটি এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭০০ অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ সময় ফুড কার্ট’সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
গতকাল বুধবার কাজির দেউড়ি মোড় থেকে রেডিসন ব্লু, চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর, চান্দগাঁও পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজ এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা, শাহরিয়ার মুক্তা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান। অভিযানের পাশাপাশি ডেঙ্গু প্রাদুর্ভাব রুখতে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে এদিন।
চসিক সূত্রে জানা গেছে, অভিযানে কাজীর দেউড়ি মোড় থেকে রেডিসন ব্লু পর্যন্ত এস এস খালেদ রোডের উভয় পাশের ফুটপাত দখল করে গড়ে উঠা ৫০টি টং দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করে সর্বসাধারণের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে করে দেওয়া হয়। অভিযানে বিভিন্ন ফুড কার্ট জব্দ করে চসিক।
এরপর চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে শুরু হয়ে নতুন ব্রিজ গোলচত্বর পর্যন্ত রাস্তার দুই পাশে একযোগে এই অভিযান চালানো হয়। এতে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা প্রায় ৫০০টি অবৈধ দোকান ও স্থায়ী–অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে পথচারী ও যানবাহন চলাচলের জন্য রাস্তা পুরোপুরি মুক্ত করা হয়।
একই দিন নগরীর ৪ নম্বর ওয়ার্ডের পাঠানিয়াগোদা এবং হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে রাস্তার ফুটপাত দখলমুক্ত করা হয় এবং আরও শতাধিক অবৈধ টং দোকান অপসারণ করে চসিকের ভ্রাম্যমাণ আদালত।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, উচ্ছেদ চালানোর পাশাপাশি এলাকাগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পরিচ্ছন্নতা কর্মীরা নর্দমার জমাটবদ্ধ পানি নিষ্কাশন, জমানো ময়লা–আবর্জনা পরিষ্কার এবং ময়লার ভাগাড় উচ্ছেদ করেন। এডিস মশার বংশবৃদ্ধি রোধে স্প্রে করার মাধ্যমে ছিটানো হয় মশার ওষুধ। নগরবাসীকে যানজটমুক্ত রাস্তা উপহার দিতে এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের সমন্বিত অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।












