দেশের জ্বালানি খাতের শূন্যতা মেধাবী শিক্ষার্থীরা পূরণ করতে পারে : চুয়েট ভিসি

পিএমই বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান

| বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

চুয়েটের ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন, বাংলাদেশের জ্বালানি সেক্টরে দক্ষ লোকের অভাব রয়েছে। আমাদের জ্বালানি খাতে প্রয়োজনীয় দক্ষ মানুষ নেই। এই শূন্যতা পূরণের লক্ষ্যেই পিএমই বিভাগ খোলা হয়েছে। দেশের জ্বালানি খাতের শূন্যতা মেধাবী শিক্ষার্থীরা পূরণ করতে পারে। দেশের এসব শূন্যতা শিক্ষার্থীদের মেধা, শ্রম ও দক্ষতা দিয়ে পূরণ করতে হবে। জ্বালানি খাতের সংশ্লিষ্ট সকলকে পিএমই বিভাগের শিক্ষার্থীদের কাজে লাগানোর সুযোগ করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা তাদের ধৈর্য, পরিশ্রম ও সততার সাথে এগিয়ে যেতে হবে। তাহলে প্রত্যেকে যার যার লক্ষ্য অর্জন করতে পারবে। তিনি গতকাল মঙ্গলবার পিএমই বিভাগের সেমিনার রুমে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড.মোহাম্মদ মিজানুর রহমান, পদ্মা ওয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান, প্রকৌশলী মীর জাহাঙ্গীর মো. সেলিম, প্রকৌশলী মো. শাহীন আলম এবং প্রকৌশলী মো. জাকারিয়া জালাল। অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান। বিদায়ী ব্যাচের পক্ষে বক্তব্য রাখেন খাদিজা ইসলাম তামান্না এবং সাদিকুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা
পরবর্তী নিবন্ধসম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা