দেশে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে

| সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৮৭১ জনের মধ্যে, যা আগের দিনের তুলনায় বেশি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৪১৩ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৯৩১ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৭ জন নতুন রোগী শনাক্ত এবং ৪৮ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সে হিসেবে গত এক দিনে কোভিডে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। খবর বিডিনিউজের।
যে ৫১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের মধ্যে ২৯ জনই ছিলেন নারী আর পুরুষ মারা গেছেন ২২ জন। আগে দেশে দৈনিক মৃত্যুর তালিকায় নিয়মিতভাবে পুরুষের সংখ্যা বেশি থাকলেও করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ শুরুর পর আগস্ট থেকে নারীদের মৃত্যুহার বেড়েছে।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৩ হাজার ৫৮৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন সুস্থ হয়ে উঠলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৫ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৪৬ হাজার ৭৩৩টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫৫ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধভেজাল থামছে না খাদ্যপণ্যে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চার মাসে সর্বনিম্ন সংক্রমণ আরো তিন মৃত্যু