দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীস্থ এলএনজি টার্মিনালসমূহ থেকে রিগ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে যাওয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
মঙ্গলবার (৬ জুলাই) কেজিডিসিএলের জনসংযোগ ও সমন্বয় বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়াজনিত প্রতিকূল পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কেজিডিসিএলের আওতাধীন সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এতে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য গ্রাহক সাময়িকভাবে ভোগান্তির মুখে পড়তে পারেন।
এ পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতির উন্নতি হলে স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনঃস্থাপনের বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।












