দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া আর না খেলার ঘোষণা দিয়েছেন এক যুবক। গতকাল শনিবার বিকেলে লামকুপাড়া এলাকায় উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের বাসিন্দা নুরুন্নবীর ছেলে সজীব মিয়া এ ঘোষণা দেন। তার এমন ঘোষণাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

সজীব পেশায় সবজী ব্যবসায়ী। লামকুপাড়ায় তার সবজীর দোকান। অসংখ্য লোকের উপস্থিতিতে সজীব প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তার গায়ে দু ঢেলে দেন।

সজীব বলেন, মোবাইল ফোনে বিজ্ঞাপন দেখে তিনি ক্যাসিনো জুয়ায় আসক্ত হন। প্রায় ৭৮ বছর তিনি এ জুয়া খেলেন। এতে প্রায় ১৫ লাখ টাকা খুইয়েছেন। তার আসক্তি এতটাই ছিলপকেটে ৫০ টাকা থাকলে অন্যের কাছ থেকে আরও ১০০ টাকা ধার করে জুয়ায় খাটাতেন। ক্যাসিনো থেকে মুক্তি পেতে এক সময় স্মার্টফোনও ভেঙে ফেলে। কিন্তু পরে আবার সেই আসক্তি মনে জেগে ওঠে। পরে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন আর খেলবেন না। এর মধ্যে বিয়েও করেন। নববধূও তাকে ক্যাসিনো ছাড়ার কথা বলেন। এ অবস্থায় তিনি এলাকার মুরুব্বী, গণ্যমান্য ব্যক্তিদের নিজের ভুলের কথা ও বিপদগামী হওয়ার কথা জানিয়ে এ জুয়া থেকে চিরতরে ফিরে আসার শপথ নেন। এ সিদ্ধান্ত অনুযায়ী তিনি গতকাল শনিবার সকলের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন।

সজীব বলেন, যারা ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত, তারা যেন এ জুয়া খেলা এক্ষুণি ছেড়ে দেন। নিজে যেন সততার সাথে ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে জীবন নির্বাহ করতে পারেন এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জুয়া ছেড়ে দেয়ার প্রকাশ্য শপথ গ্রহণের ঘটনাকে স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক সামাজিক মহল সাধুবাদ জানিয়েছে। রামগড় থানার অফিসার ইনচার্জ নাজির আলম বলেন, সজীবকে ধন্যবাদ জানাই তার এমন আত্ম উপলব্ধির জন্য। তাকে যেন অন্য বিপদগামীরাও অনুসরণ করে আমাদের প্রত্যাশা থাকবে।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, সমাজের জন্য একটি দৃষ্টান্ত। তাকে সাধুবাদ জানাই। পাশপাশি জুয়ায় আসক্ত সকলকেও ক্যাসিনো ছেড়ে নিজেকে এবং পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সজীবের মতে শপথ নেয়ার আহ্বান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএক সপ্তাহের মধ্যে আবারও ডুবল ঝুলন্ত সেতু