জুুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকলিয়া থানা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাকলিয়া থানা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাকলিয়া থানা জামায়াতের আমির সুলতান আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
প্রধান অতিথি বলেন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদের মর্যাদা সমুন্নত রাখতে হবে। তাঁদের আত্মত্যাগ কোনো ব্যক্তি বা দলের একক সম্পদ নয়; বরং তা সমগ্র জাতির গৌরব ও প্রেরণার উৎস। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জুলাই শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার সর্বোত্তম উপায় হলো একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে আন্তরিকভাবে কাজ করা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল বিভেদ ভুলে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় বাকলিয়া থানা জামায়াত ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












