চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে আর্থিক সহযোগিতার অংশ হিসেবে চট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতি, ফেনীর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বাঁশখালীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার কাথরিয়া ইউনিয়ন ও বাঁশখালী পৌরসভায় এ আর্থিক অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিণ চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গঠিত আর্থিক সহযোগিতা ও ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর। এছাড়া ছাগলনাইয়া সমিতির আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী (আপেল), সদস্য সচিব প্রফেসর এজিএম নিয়াজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মনসুর আলম সোহাগ পাটোয়ারী এবং জাহের আহমেদ মুরাদ, আরশাদ হোসেন শালিম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম জলদি মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুর রহমান ইবনে আব্দুস সোবহান, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি মোহাম্মদ নেছার উদ্দিন মুনিরী আল–ক্বাদেরী, দৈনিক আজাদী পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মোহাম্মদ আবদুল ওয়াহেদ, দৈনিক আজাদীর বাঁশখালী অনলাইন প্রতিনিধি মোহাম্মদ এরশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সামপ্রতিক বন্যায় দক্ষিণ চট্টগ্রামের বহু পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। মানবিক দায়বদ্ধতা থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ছাগলনাইয়া সমিতি এ উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যরা এই মানবিক সহায়তার জন্য ছাগলনাইয়া সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












