দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। আগামী ২৩–২৬ আগষ্ট প্রিটোরিয়াতে হবে প্রথম চারদিনের ম্যাচে। পচেস্ট্রুমে দ্বিতীয় চারদিনের ম্যাচ হবে ৩০ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর। দুটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ৯ টা ৩০ মিনিটে। সাদা পোশাকের লড়াই শেষে ৫০ ওভারের তিনটি ম্যাচ খেলবে দুই দল। ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর হবে ম্যাচগুলো। প্রথম ম্যাচ ব্লুমফন্টেইনে, দ্বিতীয় ম্যাচ কিম্বার্লিতে ও শেষ ম্যাচটি হবে পচেস্ট্রুমে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের আনঅফিসিয়াল টেস্টকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার। ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রয়েছে। ওপেনিংয়ে থাকছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। মিডল অর্ডারে দলের ভরসা হতে পারেন শাহাদাত হোসেন দিপু, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ পারভেজ হোসেন ইমন। বোলিং আক্রমণে স্পিনের দায়িত্বে থাকছেন হাসান মুরাদ ও নাঈম হাসান। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের সঙ্গে অফস্পিনে থাকবেন নাঈম। পেস ও অলরাউন্ড বিভাগে রয়েছেন এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী আলিন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের জন্য নিজেদের সামর্থ্য তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ।
বাংলাদেশ ‘এ’ দল : মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, কালাম সিদ্দিকী আলিন।












